Ameen Qudir
Published:2019-09-12 19:54:46 BdST
ডা. আকাশের আত্মহত্যা: স্ত্রী মিতু, মিতুর মা, বাবা, বোন ও বন্ধুর বিরুদ্ধে চার্জশিট
চট্টগ্রাম সংবাদদাতা/ ডেস্ক
_________________________
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের (৩২) আত্মহত্যায় প্ররোচনার মামলার অভিযোগপত্র (চার্জশিট) ১১ সেপ্টেম্বর আদালতে জমা দিয়েছে পুলিশ। চার্জশিটে স্ত্রী ও তার পরিবারের সদস্যসহ পাঁচ জনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন- চিকিৎসক আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতু, তার মা শামীম শেলী, বাবা আনিসুল হক চৌধুরী, ছোট বোন সানজিলা হক চৌধুরী আলিশা এবং মিতুর কথিত বন্ধু ডা. মাহবুল । অভিযুক্ত পাঁচ আসামির মধ্যে মিতু সাত মাস কারাভোগ করার পর গত ৪ সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়েছেন। অন্য আসামিরা পলাতক।
মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই আবদুল কাদের জানান।
১১ সেপ্টেম্বর বিকালে মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই আবদুল কাদের বিষয়টি
বিস্তারিত মিডিয়াকে জানিয়েছেন। এর আগে গত সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্রটি জমা দেয় পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান মিডিয়াকে বলেন, ৯ সেপ্টেম্বর ২০১৯ বিকেলে অভিযোগপত্রটি প্রসিকিউশন শাখায় জমা পড়েছে। মঙ্গলবার সরকারি ছুটি ছিল। ১১ সেপ্টম্বর আমরা সেটি সংশ্লিষ্ট আদালতে পাঠিয়েছি। সেখানে অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির সময় নির্ধারিত হবে।
গত ৩১শে জানুয়ারি সকালে নগরের চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় মোস্তফা মোরশেদ আকাশ ইনজেকশনের মাধ্যমে নিজের শিরায় বিষ প্রয়োগ করে আত্মহত্যা করেন। তার আগে স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের সম্পর্ককে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরপর বাসা থেকে বেরিয়ে বাবার বাড়িতে চলে যান তানজিলা মিতু। ওই দিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে নগরীর নন্দনকানন এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তানজিলা মিতুকে আটক করে। এই মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হন তানজিলা মিতু। পরে হাইকোর্টে জামিন আবেদন করেন।

